Dhaka Mail Logo

সারাদেশ

বাবার ওপর আক্রোশ থেকে শিশুকে হত্যা, রিমান্ডে স্বীকারোক্তি

জেলা প্রতিনিধি

২৬ আগস্ট ২০২৬, ০৬:২১ পিএম

ঢাকার আশুলিয়ার ভাদাইল এলাকায় পাঁচ বছরের শিশু আব্দুর রহমান তাসিন হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। শিশুটির বাবার ওপর ব্যক্তিগত আক্রোশ থেকেই তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার মো. সাইফুল ইসলাম (২৭) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম।

পুলিশ জানায়, তাসিন হত্যার ঘটনায় সাইফুলকে গ্রেপ্তারের পর দুই দফায় এক দিন করে রিমান্ডে নেওয়া হয়। প্রথম দফায় তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেন। দ্বিতীয় দফার রিমান্ডে নিজের ভুল বুঝতে পেরে অপরাধ স্বীকার করেন তিনি। পরে রিমান্ড শেষে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, শিশুটির বাবার ওপর ব্যক্তিগত আক্রোশ থেকেই সাইফুল এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এ ঘটনায় সাইফুল ছাড়া আর কেউ জড়িত নেই বলেও জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট বিকেলে আশুলিয়ার ভাদাইল বাজার চৌরাস্তা এলাকার একটি ভাড়া বাসা থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় তাসিন। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই ভবনের তৃতীয় তলার ছাদ থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর তার লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটির মুখ ও গলায় লাল টেপ প্যাঁচানো ছিল। মুখের ভেতর চাল ও পলিথিনও পাওয়া যায়।

এ ঘটনায় তাসিনের বাবা শহিদ মিয়া বাদী হয়ে ২০ আগস্ট আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। পরে ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন আলামত বিশ্লেষণের পর একই ভবনের বাসিন্দা সাইফুলকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। পরে তাঁর বাসায় তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত লাল রঙের শপিং ব্যাগ, ইলাস্টিকের টুকরা, মেঝেতে ছড়িয়ে থাকা চাল এবং বারান্দার নিচে ফেলে রাখা স্কচটেপের রোল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিধি/ এজে