জেলা প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৬, ০৫:৩৪ পিএম
মাগুরায় নারী অপহরণের চেষ্টার অভিযোগে ভুয়া সিআইডি সদস্য পরিচয় দেওয়া একটি চক্রের সাত সদস্যকে আটক করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস ব্রিফিংয়ে এ সকল তথ্য জানানো হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, সিআইডি লেখা চারটি জ্যাকেট, তিনটি হেলমেট, একটি নোহা মাইক্রোবাস ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আসমা খাতুন (৩১), মো. হাসানুজ্জামান হাসান (২৮), মো. ওসমান গনি (২৫), সালমান শাহ (২৫), মো. হাবিবুর রহমান (২২), মো. সাবিক (২৩) এবং মো. আল আমিন হোসেন (২২)। পুলিশ জানায়, তাদের ঠিকানা মাগুরা,ঝিনাইদহ, কুষ্টিয়া, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায়।
প্রেস ব্রিফিং বলা হয়, শ্রীপুর থানার নাকোল (পশ্চিমপাড়া) এলাকায় রাতে এক নারীকে অপহরণের উদ্দেশ্যে একটি নোহা গাড়ি সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল। বিষয়টি পুলিশের নজরে আসার পর অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনদের পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিতে তাদের কাছ থেকে ভুয়া সিআইডি পরিচয়ের বিভিন্ন সরঞ্জাম এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় নারী অপহরণের চেষ্টা ব্যর্থ করে দেয় পুলিশ।
ব্রিফিংয়ে আরও বলা হয়, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানিয়েছে, জনগণের নিরাপত্তা, মানবাধিকার রক্ষা এবং অপরাধ দমনে জেলা পুলিশ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
প্রতিনিধি/ এজে