Dhaka Mail Logo

সারাদেশ

লালমনিরহাট সদর হাসপাতালে সেবার মান উন্নয়নের নির্দেশ ত্রাণমন্ত্রীর

জেলা প্রতিনিধি

২৬ আগস্ট ২০২৬, ০৫:০৯ পিএম

লালমনিরহাট সদর হাসপাতালের বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহার, হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ এবং রোগীদের চিকিৎসাসেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালের হলরুমে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশ দেন।

সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মান, জনবল সংকট, বিদ্যমান সুযোগ-সুবিধা এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এ সময় মন্ত্রী হাসপাতালের বিদ্যমান সম্পদ ও সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সাধারণ মানুষকে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘আগের মতো হাসপাতাল পরিচালনা করা যাবে না। হাসপাতালে যতটুকু সম্পদ ও সুযোগ-সুবিধা রয়েছে, তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। শুধু সমস্যা ও ঘাটতির কথা না বলে, বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে রোগীদের সেবা নিশ্চিত করতে হবে।’

মন্ত্রী বলেন, ২৫০ শয্যার হাসপাতাল হলেও প্রয়োজনীয় জনবলসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। এসব সংকট সমাধানে সরকার কাজ করছে। নতুন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানান তিনি। 

মন্ত্রী আরও বলেন, আউটসোর্সিং কর্মচারীরা যাতে রোগীদের কাছ থেকে কোনো ধরনের টাকা নিতে না পারেন, সে বিষয়ে কর্তৃপক্ষকে কঠোর নজরদারি করতে হবে। রোগীরা যাতে কোনো হয়রানি বা অতিরিক্ত অর্থ আদায়ের শিকার না হন, সেদিকেও নজর দেওয়ার নির্দেশ দেন তিনি।

এ সময় হাসপাতালের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে নিয়মিত ময়লা-আবর্জনা অপসারণ, স্থায়ী ফুলের গাছ লাগানো এবং হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা সহজে জানানোর জন্য সাউন্ড সিস্টেম চালুর কথাও বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, সরকারি হাসপাতালের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা। তাই সীমিত সম্পদের মধ্যেই পরিকল্পিতভাবে সেবা কার্যক্রম পরিচালনা করে রোগীদের আস্থা ফিরিয়ে আনতে হবে।

সভায় জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক কে এম মমিনুল হক, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরশাদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এজে