Dhaka Mail Logo

সারাদেশ

বরিশালে হামে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

২৬ আগস্ট ২০২৬, ০৩:১৭ পিএম

বরিশাল বিভাগে হাম পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় ওই দুই শিশুর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল মুনয়েম সাদ।

মৃত দুই শিশুর একজন তূর্জ বল্লভ (৬ মাস)। তার বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। অপর শিশু হুমায়েরা (৪) বরগুনার বেতাগী উপজেলার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে প্রায় ১৫ হাজার ৮১৫ জন হাম নিয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৯৫২ জন। এ সময়ে বিভাগের ছয় জেলায় হাম আক্রান্ত সন্দেহে ৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে হয়েছে।

বিপুলসংখ্যক শিশু হাম আক্রান্ত হওয়া এবং মৃত্যুর ঘটনায় বিভাগজুড়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে অল্প বয়সী শিশুদের আক্রান্তের হার বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের তৎপরতা বাড়ানো হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল মুনয়েম সাদ বলেন, হাম আক্রান্ত রোগীদের চিকিৎসায় যাতে কোনো ধরনের ঘাটতি না থাকে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। প্রতিটি মৃত্যুই দুঃখজনক। হাম মোকাবিলায় টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

প্রতিনিধি/এসএস