Dhaka Mail Logo

সারাদেশ

সাজা শেষ হওয়ার দিনই কারাগারে কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি

২৬ আগস্ট ২০২৬, ০৩:০০ পিএম

দিনাজপুর জেলা কারাগারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত মো. নাদিম (৪৮) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নাদিম দিনাজপুর শহরের মিশন রোড এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় ১০ দিনের সাজা হওয়ায় গত ১৭ আগস্ট নাদিমকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। বুধবার তার সাজা শেষ হওয়ার কথা ছিল। সে হিসেবে বৃহস্পতিবার (২৭ আগস্ট) তার কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল।

তবে সাজা শেষ হওয়ার দিনই বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন নাদিম। পরে দ্রুত তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল পৌনে ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

কারাগার সূত্র আরও জানায়, নাদিমের মাদকাসক্তির ইতিহাস ছিল এবং তিনি হঠাৎ অচেতন হয়ে পড়ার সমস্যায় ভুগছিলেন।

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার সিরাজুস সালেহীন নাদিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/এসএস