Dhaka Mail Logo

সারাদেশ

ফেনীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, আলোচনা ও দোয়া

জেলা প্রতিনিধি

২৬ আগস্ট ২০২৬, ০২:২৫ পিএম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য জশনে জুলুস, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে আহলে সুন্নাত ওয়াল জামাআত ফেনী জেলা কমিটির উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গাউছিয়া কমিটি ফেনী জেলার উপদেষ্টা নুর নবী রহমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার খন্দকার নজরুল ইসলাম, সদস্যসচিব অধ্যক্ষ কাজী নুর আলম, যুগ্ম আহ্বায়ক মাওলানা মহি উদ্দিন ও গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মো. শহীদ উল্লাহ পাটোয়ারী।

এ ছাড়া সংগঠনের উপদেষ্টা নুরুল আমিন চৌধুরী সবুজ, মাওলানা জাকির হোসেন চৌধুরী, যুগ্ম সদস্যসচিব হেলাল উদ্দিন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা শাহিদুল হক বুলবুল ও সদস্য সিরাজ উল্লাহসহ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও যুবসেনার নেতারা উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন উপজেলার গাউছিয়া কমিটির সদস্যরাও এতে অংশ নেন।

আলোচনা সভা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জশনে জুলুস বের করা হয়। র‍্যালিটি কলেজ রোড, মিজান রোড, ট্রাংক রোড, খেজুর চত্বর ও বড় মসজিদসংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে ফেনী তাকিয়া মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

f3194867-f93c-42e4-a366-343fb7bcd738

আলোচনা সভায় স্থানীয় আলেমরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, মহানবী (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর চারিত্রিক মাধুর্য ও জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব।

এদিকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

প্রতিনিধি/এসএস