Dhaka Mail Logo

সারাদেশ

রাসুলের জীবনাদর্শ প্রতিষ্ঠার আহ্বানে জাজিরায় ১১ দলের সীরাত র‍্যালি

জেলা প্রতিনিধি

২৬ আগস্ট ২০২৬, ০২:০৮ পিএম

পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে শরীয়তপুরের জাজিরায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সীরাত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, আদর্শ ও শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসা মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়। পরে জাজিরা পুরান বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর মাদরাসা মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তাদের হাতে ব্যানার ও দলীয় পতাকা দেখা যায়। মহানবী (সা.) এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে তাঁরা স্লোগান দেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ রেখে গেছেন। তাঁর সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়বিচার, মানবিকতা ও সহনশীলতার শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করা প্রয়োজন। রাসুল (সা.) এর জীবনাদর্শ অনুসরণ করলে অন্যায়, দুর্নীতি, বৈষম্য ও অশান্তি দূর করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

বক্তারা আরও বলেন, রাসুল (সা.) শান্তি, ন্যায় ও মানবিকতার যে শিক্ষা দিয়ে গেছেন, তা অনুসরণের মাধ্যমে বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। এ জন্য ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা বাড়ানোর পাশাপাশি মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

র‍্যালিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর শরীয়তপুর জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাশেমী, জেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, জামায়াত মনোনীত জাজিরা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মেসবাহ উদ্দিন সিকদার, জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি শহিদুল ইসলাম, জাজিরা থানা আমির মাওলানা রুহুল আমিনসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতারা।

জামায়াতে ইসলামীর শরীয়তপুর জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাশেমী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শ মানবজাতির জন্য সর্বোত্তম পথনির্দেশ। তাঁর আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি থেকে সবাইকে রাসুলের আদর্শ অনুসরণ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিনিধি/এসএস