জেলা প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৬, ০১:২৭ পিএম
ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মো. আমিন খন্দকার (৪৫) নামের ওই ব্যক্তি সালথা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা মোন্তারমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আমিন খন্দকার চান্দাখোলা গ্রামের মৃত ভিকু খন্দকারের ছেলে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, বুধবার সকালে অভিযান চালিয়ে আমিন খন্দকারকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সোনাপুর ইউনিয়নের বড় বাংরাইল গ্রামে জমিজমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় করা মামলায় তিনি আসামি। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বড় বাংরাইল এলাকার মনির বিশ্বাস ও মিশরু মিয়ার মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার বিকেলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়েন। এ সময় কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়। পরে উভয় পক্ষের লোকজন পাল্টাপাল্টি হামলা চালিয়ে অন্তত আটটি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, আমিন খন্দকার গত জাতীয় সংসদ নির্বাচনের আগে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে সব ধরনের রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।
প্রতিনিধি/এসএস