Dhaka Mail Logo

সারাদেশ

নেত্রকোণায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত, আহত ৩

জেলা প্রতিনিধি

২৬ আগস্ট ২০২৬, ০১:১৬ পিএম

নেত্রকোণার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামের এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মহিষাসুরা হাওরে এ ঘটনা ঘটে।

নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরান্জন দাসের ছেলে।

আহতরা হলেন একই এলাকার জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দীননাথ দাস (৪৫)। তারা সবাই পেশায় জেলে।

স্থানীয়দের বরাত দিয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, সকালে চার জেলে একটি নৌকায় করে মাছ ধরতে মহিষাসুরা হাওরে যান। মাছ ধরার একপর্যায়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে নৌকায় থাকা রতন দাস গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপর তিন জেলেও আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা নেওয়ার পর তারা বাড়ি ফিরে যান।

ওসি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

প্রতিনিধি/এসএস