Dhaka Mail Logo

সারাদেশ

রংপুরে চুরি করতে দেখে ফেলায় কিশোরীকে শ্বাসরোধের চেষ্টা, যুবক আটক

জেলা প্রতিনিধি

২৬ আগস্ট ২০২৬, ১২:৫৬ পিএম

রংপুর নগরীর পূর্ব শালবন শিক্ষাঙ্গণ এলাকায় গভীর রাতে চুরি করতে গিয়ে এক কিশোরীকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহাম্মদ আশিক (২২) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। আটক আশিক তাঁতিপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি পূর্ব শালবন এলাকায় ভাড়া থাকেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে ভেন্টিলেটর দিয়ে ঘরে প্রবেশ করেন আশিক। পরে ঘরের এক কোণে কাপড় রাখার বড় ঝুড়ির ভেতর লুকিয়ে থাকেন। পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে তিনি সেখান থেকে বের হন।

এ সময় এক কিশোরী বিষয়টি টের পেয়ে জেগে উঠলে আশিক তার গলায় ওড়না পেঁচিয়ে টান দেন বলে অভিযোগ। কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করেন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয় মুসলিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান বলেন, ফজরের নামাজে যাওয়ার সময় তিনি দেখেন, এক যুবককে চোর সন্দেহে আটক করা হয়েছে। কিশোরী বিষয়টি টের পেয়ে উঠে দাঁড়ালে ওই যুবক ওড়না দিয়ে তার গলায় পেঁচিয়ে টান দেন। পরে কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে ধরে ফেলেন।

রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, চুরি করতে ঘরে ঢোকার পর কিশোরী তাকে দেখে ফেলায় শ্বাসরোধের চেষ্টা করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরও বলেন, অভিযুক্ত আশিক বর্তমানে পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের পর নগরীতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে গভীর রাতে ঘরে ঢুকে কিশোরীকে শ্বাসরোধের চেষ্টার ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

প্রতিনিধি/এসএস