Dhaka Mail Logo

সারাদেশ

রংপুরের ৪ খুনের সঙ্গে পুলিশ কমিশনারের বদলির সম্পর্ক নেই

জেলা প্রতিনিধি

২৬ আগস্ট ২০২৬, ০৯:১৭ এএম

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মো. আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়নের সঙ্গে নগরের মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনের হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে আরএমপির মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সঠিক তথ্য প্রচারের জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যমে এমনভাবে সংবাদ প্রকাশ করা হচ্ছে, যাতে পুলিশ কমিশনার মো. আবদুল মাবুদের পদায়নকে মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনের হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা তৈরি হচ্ছে। বিষয়টি তথ্যগতভাবে সঠিক নয় এবং এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

আরএমপি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ১২ আগস্টের প্রজ্ঞাপনে মো. আবদুল মাবুদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদ থেকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়। অর্থাৎ, ২২ আগস্ট মাছুয়াপাড়ায় হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার ১০ দিন আগেই তার পদায়নের সিদ্ধান্ত প্রজ্ঞাপনের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে হত্যাকাণ্ডের পর তাকে সরিয়ে দেওয়া হয়েছে বা ওই ঘটনার কারণে তার পদায়ন হয়েছে—এমন তথ্যের কোনো ভিত্তি নেই।

আরও পড়ুন

রংপুরের ৪ হত্যা: ‘দরকার হলে দেশের যেখানেই যেতে হয়, যাব’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দায়িত্বে থাকাকালে পুলিশ কমিশনারের নেতৃত্বে এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোর সমন্বিত কার্যক্রমে মাছুয়াপাড়ার হত্যাকাণ্ডের তদন্তে দ্রুত অগ্রগতি হয়। ঘটনার পরপরই পুলিশের বিভিন্ন ইউনিট মাঠে নামে এবং কয়েক ঘণ্টার মধ্যে প্রাথমিক রহস্য উদ্‌ঘাটন করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামত ও লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরএমপি আরও জানায়, চাঞ্চল্যকর এ ঘটনায় দ্রুত তদন্তের অগ্রগতি ও আসামিদের গ্রেফতারে পুলিশ কমিশনারের নেতৃত্ব, তদারকি এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পেশাদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সঠিক তথ্য জনসাধারণের জানার অধিকার এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশন জনআস্থা অটুট রাখার অন্যতম ভিত্তি উল্লেখ করে আরএমপি প্রশাসনিক সিদ্ধান্তের সঙ্গে কোনো ঘটনার যোগসূত্র তৈরি করে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে।

প্রতিনিধি/এসএস