Dhaka Mail Logo

সারাদেশ

নাটোরে হামলার শিকার এসআইসহ দুই পুলিশ সদস্য ক্লোজ

জেলা প্রতিনিধি

২৬ আগস্ট ২০২৬, ০৮:৩২ এএম

নাটোরের গুরুদাসপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় সুরতহাল প্রতিবেদন করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) আবুল বাশার ও কনস্টেবল রাকিবকে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন করতে নিহত শিশুদের বাড়িতে যান গুরুদাসপুর থানার এসআই আবুল বাশার ও কনস্টেবল রাকিব। এ সময় পুলিশ শিশুদের কাফনের কাপড় খুলে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করে।

এ নিয়ে উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয়দের একটি অংশ পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই আবুল বাশার ও কনস্টেবল রাকিব আহত হন।

পরে স্থানীয়রা আহত দুই পুলিশ সদস্যকে একটি মাদরাসায় অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস