Dhaka Mail Logo

সারাদেশ

গ্রামবাসীর ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল ৩ বিএসএফ

জেলা প্রতিনিধি

২৫ আগস্ট ২০২৬, ১০:১৬ পিএম

লালমনিরহাটের সীমান্তে গরু চড়ানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বাগ্‌বিতণ্ডা একপর্যায়ে বাংলাদেশে প্রবেশ করে অস্ত্র ও ওয়াকি-টকি ফেলে পালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য। পরে বিজিবি তাদের ফেলে যাওয়া দুটি শর্টগান ও একটি ওয়াকি-টকি সেট উদ্ধার করে। ঘটনার পর পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করেছে বিএসএফ।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধীন বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটে সীমান্ত পিলার ৯০৭/২-এসের কাছে কাঁটাতারবিহীন শূন্য লাইনে গরু চড়ানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলীমারী ক্যাম্পের তিন সদস্যের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই তিন বিএসএফ সদস্য বিজিবিকে না জানিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন।

বিষয়টি স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানালে আরও লোকজন ঘটনাস্থলে জড়ো হন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিএসএফের ওই তিন সদস্য দুটি শর্টগান ও একটি ওয়াকি-টকি সেট ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরে যান। পরে বিজিবির টহলদল ঘটনাস্থল থেকে অস্ত্র দুটি ও ওয়াকি-টকি সেট উদ্ধার করে।

ঘটনার পর লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের কাছে ঘটনার কারণ জানতে চান এবং পতাকা বৈঠকের আহ্বান করেন।

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৫০ মিনিট পর্যন্ত সীমান্ত পিলার ৯০৭/৪-এসের কাছে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে বিএসএফ সদস্যদের অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ এবং স্থানীয় নাগরিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা বিষয়টি কঠোরভাবে তুলে ধরা হয়।

জবাবে বিএসএফ কমান্ড্যান্ট ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দেন। একই সঙ্গে ঘটনায় জড়িত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন।

পরে উদ্ধার করা দুটি শর্টগান ও একটি ওয়াকি-টকি সেট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।