জেলা প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৬, ০৯:১৫ পিএম
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পুম্বাইল ফজলুল উলুম ফাজিল মাদরাসা থেকে গোপনে সরকারি পাঠ্যবই বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। ট্রলিতে করে সরকারি বই নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় রোববার (২৪ আগস্ট) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন আগে ফেসবুকে পুম্বাইল ফজলুল উলুম ফাজিল মাদরাসার সরকারি পাঠ্যবই ট্রলিতে করে নিয়ে যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয় অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিনামূল্যে বিতরণের জন্য সরকারের দেওয়া বই গোপনে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
মাদরাসার অধ্যক্ষ আব্দুল আলী খান বলেন, ‘ভিডিওটি আমিও দেখেছি। তবে কে বই বিক্রি করেছে, তা আমি জানি না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা দেখছি। তবে এখনই এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখার পরই প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তিনি বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস