Dhaka Mail Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার

জেলা প্রতিনিধি

২৫ আগস্ট ২০২৬, ০৯:১২ পিএম

​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। উদ্ধারকৃত ২০০ পিস যন্ত্রাংশের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।

মঙ্গলবার (২৫ আগস্ট) আনুমানিক সকাল ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের অন্তর্গত কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

​বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য আনা-নেওয়া ও মাদকের অনুপ্রবেশ রুখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে খবর পেয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর সোনামসজিদ বিওপির একটি টহল দল এই অভিযান চালায়।

​সীমান্তবর্তী ১৮৪/২-এস নম্বর পিলার থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২০০টি বিভিন্ন ধরনের ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। বিজিবির ধারণা অনুযায়ী, উদ্ধারকৃত সরঞ্জামের মোট বাজারমূল্য ২৫ লাখ টাকার কাছাকাছি।

​উদ্ধার হওয়া এসব মালামালের ব্যাপারে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ ও হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে, ১ আগস্ট একই ইউনিয়নের বালিয়াদিঘী এলাকার ‘মামুন এন্টারপ্রাইজ’-এর গুদাম সংলগ্ন তালতলা মোড়ে অভিযান চালিয়ে আরও ২৯১ পিস অবৈধ ভারতীয় ট্রাকের খুচরা যন্ত্রাংশ উদ্ধার করেছিল বিজিবি।

​মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তজুড়ে চোরাচালানের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ অবস্থান বজায় রেখে কাজ করছে। অবৈধ পণ্যের আনাগোনা বন্ধে বিজিবির এই কঠোর তৎপরতা সামনেও বজায় থাকবে।

প্রতিনিধি/ এজে