Dhaka Mail Logo

সারাদেশ

বিকট শব্দে মোটরসাইকেল চালানো, কিশোরকে ২০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

২৫ আগস্ট ২০২৬, ০৯:০৫ পিএম

নওগাঁয় মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দ সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগে এক কিশোরকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের সামনে থেকে মোটরসাইকেলটি আটক করা হয়।

জরিমানাপ্রাপ্ত সাকলাইন মোস্তাক (কিশোর) বগুড়ার আদমদীঘি উপজেলার দেলুনজো গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি পরিবারের সঙ্গে নওগাঁ শহরের চকদেব জনকল্যাণ মহল্লায় ভাড়া বাসায় থাকেন।

9207ed70-38a4-4785-9992-87a7077ae0dc

স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে সাকলাইন একটি সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে শহরের বিভিন্ন সড়কে বিকট শব্দ করে চলাচল করছিলেন। এতে পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছিল। মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন মুক্তির মোড় এলাকায় মোটরসাইকেলটি আটক করে ট্রাফিক পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মোটরসাইকেলটি জব্দ করে।

নওগাঁ ট্রাফিক পুলিশের সার্জেন্ট জগদীশ চন্দ্র বলেন, মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দ করা সড়ক পরিবহন আইনে নিষিদ্ধ। ওই কিশোরের ড্রাইভিং লাইসেন্সও ছিল না। এসব কারণে তার বিরুদ্ধে মামলা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোটরসাইকেলটি জব্দের পাশাপাশি পরিবর্তিত সাইলেন্সরটি খুলে নেওয়া হবে, যা ফেরত দেওয়া হবে না।

প্রতিনিধি/এসএস