Dhaka Mail Logo

সারাদেশ

যশোর-নড়াইল মহাসড়কে ৪৪ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

জেলা প্রতিনিধি

২৫ আগস্ট ২০২৬, ০৮:৪৬ পিএম

যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা থেকে প্রায় ৪৪ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ ময়ুর (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

এ সময় তার কাছ থেকে ১৯২ দশমিক ৪৫ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার, একটি স্মার্টফোন ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়। আটক ময়ুর মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোবিন্দল গ্রামের ধলু মিয়ার ছেলে।

বিজিবি জানিয়েছে, ময়ুর তার শরীরে বিশেষ কৌশলে স্বর্ণের বার দুটি লুকিয়ে রেখেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ঢাকা থেকে স্বর্ণের বার দুটি নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

বিজিবির তথ্য অনুযায়ী, জব্দ করা স্বর্ণের বাজারমূল্য ৪৪ লাখ ৫৯ হাজার ৬৬ টাকা। স্বর্ণের সঙ্গে জব্দ করা স্মার্টফোন ও নগদ টাকা মিলিয়ে উদ্ধার করা মালামালের মোট মূল্য ৪৪ লাখ ৭০ হাজার ৬৬৬ টাকা।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পর আটক ময়ুরকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। স্বর্ণ চোরাচালান ও এর সঙ্গে জড়িতদের আটক করতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় স্বর্ণ পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

প্রতিনিধি/ এজে