Dhaka Mail Logo

সারাদেশ

মিরসরাইয়ে গৃহবধূকে বিষপান করিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুর গ্রেফতার

উপজেলা প্রতিনিধি

২৫ আগস্ট ২০২৬, ০৮:৩৩ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে গৃহবধূ জেরিন আক্তারকে (২৭) জোর করে বিষপান করিয়ে হত্যার অভিযোগে তার স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম।

গ্রেফতার দুজন হলেন জেরিন আক্তারের স্বামী ওহিদুন নবী তুহিন ও শ্বশুর শেখ আহম্মদ। তারা মামলার এজাহারভুক্ত যথাক্রমে ১ ও ২ নম্বর আসামি। জেরিন মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের খোরমাওয়ালা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

পুলিশ ও জেরিনের পরিবারের অভিযোগ, গত ১৬ আগস্ট দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর এলাকায় জেরিনকে তার স্বামী ওহিদুন নবী তুহিন, শ্বশুর শেখ আহম্মদ ও শাশুড়ি শিরিনা আক্তার জোর করে বিষপান করান। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।

পরে জেরিনের পরিবার জোরারগঞ্জ থানায় হত্যা মামলা করে।

ওসি মো. আব্দুল হালিম বলেন, ‘হত্যা মামলা হওয়ার পর তদন্তকারী কর্মকর্তা এসআই মনির আহম্মদের নেতৃত্বে অভিযান চালিয়ে সোমবার রাত সাড়ে ১০টার দিকে জামালপুর এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদের মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’

প্রতিনিধি/এসএস