জেলা প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৬, ০৮:০৮ পিএম
পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে ৪৮ ঘণ্টার মধ্যে তা বাতিলের আল্টিমেটাম দিয়েছেন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কমিটি বাতিল নাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ঈশ্বরদী খাইরুজ্জামান বাবু বাস টার্মিনাল এলাকায় এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান পদবঞ্চিত নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনের পর বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম স্বপন বলেন, ১৭ বছর ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা হঠাও আন্দোলন করতে গিয়ে কারা নির্যাতিত, অত্যাচারিত, রাজপথে রক্ত ঝরানো নেতাকর্মীদের বাদ দিয়ে খুনি, প্রতারক, ব্যাংক লুটেরা, অস্ত্রধারী, আন্তর্জাতিক মাদক ব্যবসায়ী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগীদের নিয়ে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির একতরফা নিশি-রাতের অবৈধ কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা ঘৃণাভরে এই কমিটি প্রত্যাখ্যান করছি।
আল্টিমেটাম দিয়ে তিনি জানান, এই নিশিরাতের অবৈধ কমিটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্থগিত করে তৃণমূল নেতাকর্মীদের সমন্বয় করে এবং তাদের মতামতের ভিত্তিতে নতুন করে কমিটি দিতে হবে। তা নাহলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। এজন্য ঈশ্বরদীর সার্বিক পরিস্থিতি অবনতির হলে এর দায় দায়িত্ব আমরা বহন করিব না।
সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ ও ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলটি খায়রুজ্জামান বাবু কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এসব কর্মসূচিতে বিএনপি নেতা ও সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা এরবাস হোসেন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক এবং সাড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট সাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সন্টু সরদারকে আহ্বায়ক ও দাশুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনকে সদস্য সচিব করে উপজেলা বিএনপির এবং মাহবুবুর রহমান পলাশকে আহ্বায়ক ও ইমরুল কায়েস সুমনকে সদস্য সচিব করে ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
প্রতিনিধি/ এজে