জেলা প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৬, ০৬:৩২ পিএম
নাটোরের গুরুদাসপুরে নন্দকুজা নদীতে গোসল করতে নেমে ফারহান ইসলাম (৭) ও লাম হোসেন (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল তিনটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারহান ইসলাম একই গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং লাম হোসেন বাবলু হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের নন্দকুজা নদীতে গোসল করতে নামে ফারহান ও লাম। একপর্যায়ে নদীর স্রোতে দুজনই তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা অর্জুন হালদার পানিতে নেমে তাদের খোঁজ শুরু করেন। পরে পানির নিচ থেকে একে একে দুজনকে উদ্ধার করা হয়।
স্থানীয় দুই ব্যক্তি তাদের দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস