জেলা প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৬, ০৫:২৮ পিএম
সিলেটের বিয়ানীবাজারে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) চারখাই পুলিশ ক্যাম্পের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় চারখাই পুলিশ ক্যাম্পের সামনে অভিযান চালানো হয়। এ সময় একটি নোহা গাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জকিগঞ্জ উপজেলার আমলসীদ গ্রামের এখলাছুর রহমানের ছেলে উসমান উদ্দিন ওরফে মারুফ (২৯), ডেমারগ্রাম এলাকার মাতাব উদ্দিনের ছেলে পারভেজ আহমেদ (২৫) এবং আমলসীদ গ্রামের সেলিম উদ্দিনের ছেলে আশরাফুল হক।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এসএস