Dhaka Mail Logo

সারাদেশ

জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটন, যা জানাল পিবিআই

জেলা প্রতিনিধি

২৫ আগস্ট ২০২৬, ০৪:৪০ পিএম

জামালপুর শহরের পশ্চিম নয়াপাড়া এলাকায় একটি ভবনের পঞ্চম তলা থেকে ইশরাত জাহান মিমির হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় কাউসার আহমেদ খান (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতার কাউসার আহমেদ শহরের বাগেরহাটা এলাকার মৃত রফিক খানের ছেলে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় পিবিআই জামালপুর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

পিবিআই জানায়, গত ২৩ আগস্ট বাবুল মিয়া বিল্ডিংয়ের পঞ্চম তলার একটি কক্ষ থেকে মিমির মরদেহ উদ্ধার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরদিন বিকেলে সদর উপজেলার বাগেরহাটা এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি কাউসারকে গ্রেফতার করা হয়। 

M2

সংস্থাটির দাবি, প্রায় তিন বছর আগে মিমির সঙ্গে কাউসারের পরিচয় হয়। পরে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। কাউসারের জবানবন্দি অনুযায়ী, ওই অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায় করা হতো। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

ঘটনার দিন (২২ আগস্ট) শনিবার মিমি কাউসারকে বাসায় ডেকে টাকা দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মিমি কাউসারের স্ত্রীকে ফোন করে তাদের সম্পর্কের কথা জানিয়ে দেন। পরে ধস্তাধস্তির সময় কাউসার মিমির গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন।

পিবিআই জানায়, তাদের কাছে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন কাউসার। মামলায় আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, সাক্ষ্য-প্রমাণ, পারিপার্শ্বিক তথ্য-উপাত্ত ও আসামির জবানবন্দি পর্যালোচনা করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়েছে। আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিনিধি/এএইচ