Dhaka Mail Logo

সারাদেশ

ঢেউয়ের ধাক্কায় ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের শিশু নিখোঁজ

জেলা প্রতিনিধি

২৫ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম

কক্সবাজারের বঙ্গোপসাগরে বড় ঢেউয়ের ধাক্কায় নিউজিল্যান্ডের একটি পরিবারের সদস্যদের বহনকারী ফিশিং ট্রলার দ্বিখণ্ডিত হয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় পরিবারের তিন সদস্যকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। তবে এক শিশু এখনো নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরের দিকে কক্সবাজার শহরের নাজিরারটেক চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার পর নিউজিল্যান্ডের পরিবারের তিন সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তবে একটি শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান চলছে।

স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিউজিল্যান্ডের ওই পরিবারের সদস্যরা কয়েক দিন ধরে কক্সবাজার ও আশপাশের এলাকায় ভ্রমণ করছিলেন। মঙ্গলবার ফিশিং ট্রলারে করে সাগরে যাওয়ার সময় উত্তাল সমুদ্রে বড় ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি দ্বিখণ্ডিত হয়ে যায়। এতে পরিবারের সদস্যরা সাগরে পড়ে যান।

09991bcb-7d9e-48d9-82c8-7a52513f05a0

দুর্ঘটনার পর কাছাকাছি থাকা স্থানীয় জেলেরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তারা পরিবারের তিন সদস্যকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে একটি শিশু পানিতে পড়ে নিখোঁজ হয়।

খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় জেলেদের সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরাও নিখোঁজ শিশুটির সন্ধানে সাগরে তল্লাশি চালাচ্ছেন।

7da02f4b-c55e-4e74-9ae2-274dbdefab85

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ শিশুটির সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস