Dhaka Mail Logo

সারাদেশ

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১২ জেলেকে জীবিত উদ্ধার

জেলা প্রতিনিধি

২৫ আগস্ট ২০২৬, ০২:৪০ পিএম

সুন্দরবনের দুবলার চর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট রাত আটটার দিকে ১২ জন জেলেকে নিয়ে এফভি মায়ের দোয়া নামের ফিশিং বোটটি সমুদ্রে মাছ ধরছিল। এ সময় দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি সাগরে ভাসতে থাকে।

পরে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এক জেলে ফোন করে বিষয়টি মালিকপক্ষকে জানান। এরপর বোটের মালিক কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন দুবলা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা বোটটির সন্ধান পেয়ে ১২ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের খাবারসহ প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়েছে। উদ্ধার করা বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সমুদ্রে যেকোনো ধরনের বিপদে জেলেদের সহায়তায় কোস্টগার্ড সব সময় প্রস্তুত রয়েছে। জরুরি উদ্ধার কার্যক্রমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস