Dhaka Mail Logo

সারাদেশ

৪২ লাখ টাকার হেরোইনসহ ২ নারী কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৫ আগস্ট ২০২৬, ০১:০১ পিএম

সিরাজগঞ্জের সলঙ্গায় পুলিশের অভিযানে প্রায় সোয়া চার কোটি টাকা মূল্যের হেরোইনের চালান উদ্ধারের দিনই আরও ৪২৩ গ্রাম হেরোইন জব্দ করলো র‌্যাব। এ ঘটনায় দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় ৪২ লাখ টাকা।

সোমবার (২৪ আগস্ট) দুপুরের দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রামারচর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-১২ সদস্যরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।

গ্রেফতাররা হলেন— রাজশাহীর চারাঘাট থানার হলিদাগাছী গ্রামের মৃত আনিছুর রহমানের মেয়ে মোছা. রোকেয়া বেগম (৫০) ও একই জেলার গোদাগাড়ী থানার দিয়াড় মহব্বতপুর গ্রামের মৃত লোকমান হোসেনের মেয়ে সালেহা খাতুন (৪৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার উল্লেখ করেন, তথ্য প্রযুক্তির সহায়তায় রামারচর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই দুই নারীকে আটক করা হয়। আটকের পর তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৪২৩ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ধরে রাজশাহীর সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছেন। এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিদের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে সোমবার ভোররাতে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইনের বিশাল চালানসহ দুইজনকে গ্রেফতার করে। এ নিয়ে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে পুলিশ ও র‌্যাবের অভিযানে পৌণে ৫ কোটি টাকার হেরোইনসহ ৪ জন গ্রেফতার হয়।

প্রতিনিধি/টিবি