২৪ আগস্ট ২০২৬, ১০:০৯ পিএম
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে ৪ কোটি টাকা মূল্যের ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহযোগীকে গ্রেজশভর করা হয়েছে। একইসঙ্গে মাদক বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।
গ্রেফতাকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামভদ্রপুর গ্রামের মো. আবু বক্কর (৪৪) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ বাজার এলাকার মো. সোহাগ আলী (১৯)। আবু বক্কর ট্রাকটির চালক এবং সোহাগ তার সহযোগী।
পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, রোববার দিনগত রাত ১২টা ৫৫ মিনিটের দিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম টোল প্লাজার সামনে ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী গরুর খাদ্য বা ভূষিবাহী একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে ট্রাকের চালক ও সহযোগীর হেফাজত থেকে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন এবং ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। গ্রেফতার মো. আবু বক্করের বিরুদ্ধে এর আগেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ২০২০ সালের ২৩ ডিসেম্বর ওই মামলা করা হয়।
পুলিশ সুপার আরও জানান, মাদক উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএইচ