Dhaka Mail Logo

সারাদেশ

নাটোরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, ছিনতাইয়ের অভিযোগ

জেলা প্রতিনিধি

২৪ আগস্ট ২০২৬, ০৮:৫২ পিএম

নাটোরের সিংড়ায় ফরিদনগর এলাকা থেকে আনোয়ার হোসেন (৩৩) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার অটোরিকশাটি পাওয়া যায়নি।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের ফরিদনগর এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত আনোয়ার হোসেন সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের গেদু মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফরিদনগর এলাকায় আনোয়ারের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এর আগে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে না আসায় তার পরিবারের পক্ষ থেকে সকালে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে দুর্বৃত্তরা আনোয়ার হোসেনকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসএস