Dhaka Mail Logo

সারাদেশ

চট্টগ্রামে গরুবাহী ট্রাক গাছের সঙ্গে ধাক্কা, ব্যাপারী নিহত

জেলা প্রতিনিধি

২৪ আগস্ট ২০২৬, ০৭:৫৩ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আব্দুস সালাম নামের এক গরুর ব্যাপারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা ১৮টি গরুর মধ্যে ছয়টি মারা গেছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার শেখপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা।

স্থানীয়রা জানান, গরুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা আব্দুস সালাম ঘটনাস্থলেই মারা যান। ট্রাকচালকসহ আরও তিনজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে দুর্ঘটনায় ট্রাকে থাকা ১৮টি গরুর মধ্যে ছয়টি মারা গেছে।

খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত আব্দুস সালামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিনিধি/এসএস