Dhaka Mail Logo

সারাদেশ

বাঁশ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে আদিবাসী যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি

২৪ আগস্ট ২০২৬, ০৭:৪৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসদা (১৯) নামের এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে নাচোল-আমনুরা সড়কের মানিকরা পাড়া এলাকার একটি বাঁশঝাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল হাসদা উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মাসনা গ্রামের বাজুন হাসদার ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় মানিকরা পাড়া এলাকার ওই বাঁশঝাড়ে দুইজন ইলেকট্রিশিয়ান বৈদ্যুতিক লাইন সংস্কারের কাজ করছিলেন। এ সময় সোহেলকে দিয়ে বাঁশ কাটানো হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। বাঁশ কাটার একপর্যায়ে সেটি অসাবধানতাবশত চালু থাকা বৈদ্যুতিক তারের ওপর পড়ে। এতে সোহেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, দায়িত্বে থাকা ব্যক্তি ও ইলেকট্রিশিয়ানদের অবহেলা ও অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তাঁরা ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিনিধি/এসএস