Dhaka Mail Logo

সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না-চুল পেঁচিয়ে প্রকৌশলীর মৃত্যু

জেলা প্রতিনিধি

২৪ আগস্ট ২০২৬, ০৭:২১ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৩ এ কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক (২৯) নামের এক নারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পের ব্লক-এ/১১ এলাকায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পরিচালিত হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা হক ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। তিনি আইওএমের সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের কাজ পরিদর্শনে যান ফারহানা। সকাল ১০টা ২০ মিনিটের দিকে পরিদর্শনের সময় হঠাৎ তার ওড়না জেনারেটরের সঙ্গে পেঁচিয়ে যায়। একপর্যায়ে তার চুলও জেনারেটরে আটকে গেলে তিনি গুরুতর আহত হন।

হাসপাতালের চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ক্যাম্প-৩ এর আইওএম হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ওই নারী প্রকৌশলী গুরুতর আহত হন। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস