Dhaka Mail Logo

সারাদেশ

অতন্ত্র জরিপ ব্লকে ধান চাষে কৃষকের মুখে হাসি

জেলা প্রতিনিধি

২৪ আগস্ট ২০২৬, ০৫:৩৩ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কৃষি উৎপাদন বাড়াতে এবং ফসলের রোগবালাই ও ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিতে মাঠপর্যায়ে চলছে ‘অতন্ত্র জরিপ ব্লক’ কার্যক্রম। এ কর্মসূচির আওতায় নতুন জাতের ধানসহ বিভিন্ন ফসল চাষে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারে কৃষকদের উৎসাহিত করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

এরই অংশ হিসেবে সোমবার (২৪ আগস্ট) সাদুল্লাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে উপজেলার বিভিন্ন ব্লকে জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে একটি ৫০ একর আয়তনের মাঠের ৫০ শতক রোপা আমন ধানের জমিতে এ জরিপ করা হয়।

জরিপ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সাঈদ ও স্বপন কুমার এবং কৃষক রিপন মিয়া, মনিরুজ্জামান, মোজাম্মেল হক, সালাম মিয়া, মাসুদ মিয়া ও আব্দুল মালেকসহ অনেকে।

উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার বলেন, অতন্ত্র জরিপের মাধ্যমে মাঠের ফসল নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। ধানের ক্ষতিকর ও উপকারী পোকামাকড়ের উপস্থিতি, রোগবালাই, ফসলের স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এতে কৃষকেরা প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ পান এবং অপ্রয়োজনীয় কীটনাশকের ব্যবহারও কমানো সম্ভব হয়।

সাদুল্লাপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকের আয়ও বাড়ানো সম্ভব। এ কারণে অতন্ত্র জরিপ ব্লক কার্যক্রম কৃষকদের জন্য কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিনিধি/এসএস