জেলা প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৬, ০৫:৩২ পিএম
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং বিপুল পরিমাণ সার অবৈধভাবে মজুত রাখার অপরাধে এক খুচরা সার ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাংগা এলাকার ‘মেসার্স ইসলাম ট্রেডার্স’ নামে একটি খুচরা সারের দোকানে এই অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত ডিলারের নাম মো. নুর ইসলাম (৫০)। তিনি উপজেলার হোসেনডাংগা এলাকার বাসিন্দা।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, গোপন সংবাদে ঝিলিম ইউনিয়নের হোসেনডাংগা এলাকার মেসার্স ইসলাম ট্রেডার্সে অভিযান চালানো হয়। সেখানে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির প্রমাণ মেলে। এছাড়া দোকানটিতে অবৈধভাবে মজুত করা ২৫৯ বস্তা ইউরিয়া, ১০৬ বস্তা ডিএপি এবং ৪৫ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়। অপরাধ স্বীকার করায় দোকান মালিক মো. নুর ইসলামকে ১ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযান শেষে জব্দ সারগুলো উদ্ধার করে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সঠিকভাবে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়। বিক্রয়লব্ধ অর্থ পরবর্তীতে দোকান মালিকের নিকট বুঝিয়ে দেওয়ার জন্য ঝিলিম ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ জানান, জনস্বার্থে ও কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এলএ