জেলা প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৬, ০৪:৩৮ পিএম
সিলেটের জৈন্তাপুরে রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি বারকি নৌকা জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত জৈন্তাপুর ইউনিয়নের আদর্শ গ্রাম বালুর ঘাট থেকে বাংলাবাজার পর্যন্ত নদীর অংশে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম। তাকে সহযোগিতা করেন বর্ডার গার্ড বাংলাদেশের (৪৮ বিজিবি) শ্রীপুর বিওপির সদস্য ও জৈন্তাপুর মডেল থানার পুলিশ সদস্যরা।

অভিযান চলাকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি বারকি নৌকা জব্দ করা হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় নৌকাগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদ ও পরিবেশের ক্ষতি করে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস