Dhaka Mail Logo

সারাদেশ

নওগাঁয় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা, নিহত ১

জেলা প্রতিনিধি

২৪ আগস্ট ২০২৬, ০৪:৩৪ পিএম

নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি পিলারে ধাক্কা লেগে জয় বর্মন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিমুলতলী সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় বর্মন উপজেলার চকহরিহরপুর (শিমুলতলী) গ্রামের শ্রী নীলকমল ওরফে ফেলানুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আগ্রাদ্বিগুন বাজারে মুঠোফোন মেরামত শেষে একই মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জয় বর্মন, সজীব বর্মন, জয় চৌধুরী ও জিৎ বর্মন। শিমুলতলী সেতুর পশ্চিম পাশে পৌঁছালে এক ব্যক্তি ছাগল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। তাকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি পিলারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক জয় বর্মন মারা যান।

এ সময় মোটরসাইকেলে থাকা সজীব বর্মন, জয় চৌধুরী ও জিৎ বর্মন আহত হন। তাদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সজীব বর্মনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জয় চৌধুরী ও জিৎ বর্মন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে জয় বর্মনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস