Dhaka Mail Logo

সারাদেশ

বরিশালের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

জেলা প্রতিনিধি

২৪ আগস্ট ২০২৬, ০৪:১০ পিএম

মহাসড়কের বিভিন্ন বাস কাউন্টারের সামনে থেকে থ্রি-হুইলারে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধের জেরে বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিক ও শ্রমিকেরা। এতে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ১৭টি অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি দূরপাল্লার বাস চলাচলও বন্ধ করে দেওয়া হয়। এর আগে সকাল ১০টার দিকে বানারীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় থ্রি-হুইলারের মালিক-চালকদের সঙ্গে অভ্যন্তরীণ রুটের বাসশ্রমিকদের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে।

বাসশ্রমিকদের অভিযোগ, শিমুলতলা এলাকায় থ্রি-হুইলারের মালিক ও শ্রমিকেরা প্রভাব বিস্তার করে প্রায় ২০টি যাত্রীবাহী বাস আটকে রাখেন। খবর পেয়ে বরিশাল বাস মালিক গ্রুপের নেতারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও দুপুর পর্যন্ত কোনো সমাধান হয়নি।

2bd11785-03ce-47da-831f-0f847dcc6b6f

এরপর বরিশাল বাস মালিক ও শ্রমিক নেতারা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন। ফলে টার্মিনালে এসে অনেক যাত্রীকে ফিরে যেতে হয়েছে। কেউ কেউ বিকল্প যানবাহনের জন্য অপেক্ষা করছেন।

বাস মালিক ও শ্রমিকদের দাবি, মহাসড়কে চলাচল নিষিদ্ধ থ্রি-হুইলার অবাধে চলাচল করায় যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। বিভিন্ন বাস কাউন্টারের সামনে থ্রি-হুইলার দাঁড় করিয়ে যাত্রী ওঠানোয় বাস চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরে মহাসড়কে এসব যান চলাচল বন্ধের দাবি জানিয়ে এলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তাদের হুঁশিয়ারি, মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী থ্রি-হুইলার বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক করা হবে না।

আকস্মিক বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বানারীপাড়া থেকে বরিশালগামী যাত্রী মোতালেব মিয়া বলেন, ‘বরিশালে জরুরি কাজে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। কিন্তু বাস বন্ধ থাকায় পথে আটকে আছি। কখন বাস চলবে, সেটাও জানি না।’

বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, ‘বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

প্রতিনিধি/এসএস