জেলা প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৬, ০২:০৭ পিএম
ছুটিতে বাড়ি গিয়ে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মো. উজ্জ্বল হোসেন নামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য।
সোমবার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
২৫ বছর বয়সী উজ্জ্বল জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মো. আতাউর রহমানের ছেলে।
নিহতের বড় বোন শামীমা আক্তার দুর্ঘটনায় উজ্জ্বলের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, উজ্জ্বল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে গাজীপুরে কর্মরত ছিলেন। ছুটি কাটাতে বাড়িতে যান। তিনি জামালগঞ্জের একটি ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা। মৌলভীবাজারে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন।
উজ্জ্বল দীর্ঘদিন ধরে মুমূর্ষু রোগীদের রক্তের যোগানসহ মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
নিহতের বোন শামীমা আক্তার জানান, তারা ৫ ভাই ও ৪ বোন। ভাইদের মধ্যে উজ্জ্বল তৃতীয়। দুই-তিন বছর ধরে তিনি আনসার বাহিনীতে কর্মরত। আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
শান্তিগঞ্জ থানার ওসি মো. অলিউল্লাহ বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। নিহতের স্বজনরা এলে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এমআর