নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট ২০২৬, ০২:০৬ পিএম
চট্টগ্রামে তীব্র গ্যাস সংকটে নাকাল সিএনজি চালিত অটোরিকশা ও টেম্পু চালকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। একই সঙ্গে তারা সিএনজি মালিকদের অতিরিক্ত দৈনিক জমা কমানো এবং ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধের দাবিও জানান।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর চাদগাঁও থানার বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সিএনজি অটোরিকশা ও অটোটেম্পু সেক্টর চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক পরিবহন শ্রমিক অংশ নেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সিএনজি অটোরিকশা ও অটোটেম্পু সেক্টর চট্টগ্রাম মহানগরীর সভাপতি বশির আহমেদ বলেন, বর্তমানে গ্যাস সংকটের কারণে সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সংগ্রহে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে গ্যাস নিতে ৬ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত সময় ব্যয় হচ্ছে। এর ফলে দৈনিক আয় কমে গেলেও মালিকদের নির্ধারিত জমা পরিশোধের চাপ থেকে যাচ্ছে।
তিনি আরও বলেন, মালিকদের নির্ধারিত জমা পরিশোধের পর অনেক চালক ও শ্রমিক দিনশেষে পর্যাপ্ত আয় ছাড়াই বাড়ি ফিরছেন। বর্তমান পরিস্থিতিতে সিএনজি মালিকদের দৈনিক জমা সরকারি নীতিমালা অনুযায়ী ৯০০ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার দাবি জানাই।
বিক্ষোভ শেষে একটি মিছিল বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে থেকে শুরু হয়ে চকবাজার থানাধীন বাদুরতলা সিএনজি স্ট্যান্ডে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
বিক্ষোভকারীরা সিএনজি মালিকদের দৈনিক জমা ৯০০ টাকার বেশি না নেওয়া, ট্রাফিক পুলিশের মামলায় অতিরিক্ত বা দ্বিগুণ জরিমানা বন্ধ, পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না হওয়া পর্যন্ত নো-পার্কিং ও প্রতিবন্ধকতা মামলা বন্ধ এবং অপ্রয়োজনে গাড়ি টোয়িং করা বন্ধের দাবি জানান।
এ ছাড়া ট্রাফিক পুলিশ কর্তৃক দেওয়া মামলার বিচার আদালতের মাধ্যমে নিষ্পত্তি, ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করে ফিল্ড টেস্টের মাধ্যমে লাইসেন্স প্রদান এবং ডোপ টেস্টের নামে অতিরিক্ত ফি আদায় বন্ধের দাবিও জানান তারা।
বক্তারা বলেন, এটি আমাদের বেঁচে থাকার আন্দোলন। উত্থাপিত দাবিগুলো বাস্তবায়িত না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, সকালে বহাদ্দারহাট পুলিশ বক্সের সামনে বিভিন্ন দাবি নিয়ে একটি শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা মানববন্ধন ও মিছিল করেছে। শৃঙ্খলা নিয়ন্ত্রনে সেখানে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত ছিল। অনুষ্ঠান কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রতিনিধি/এফএ