Dhaka Mail Logo

সারাদেশ

এইচএসসি পরীক্ষার্থী নাফিসাকে চাপা দেওয়া ক্রেনচালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট ২০২৬, ১২:৪১ পিএম

চট্টগ্রামে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে এইচএসসি পরীক্ষার্থী নাফিসা নাওয়ালকে (১৯) চাপা দেওয়া সেই ক্রেনচালককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) রাতে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার ফ্রি পোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৪ আগস্ট) সকালে এ তথ্য জানান ইপিজেড থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, এইচএসসি পরীক্ষার্থী নাফিসা নাওয়ালকে চাপা দেওয়ার ঘটনায় করা মামলায় রোববার রাতে ফ্রি পোর্ট এলাকায় অভিযান চালিয়ে ক্রেনচালক শামীম বিশ্বাসকে (৩১ গ্রেফতার করা হয়। ঘটনার পর পালিয়ে গিয়েছিলেন শামীম বিশ্বাস (৩১)। তাকে আইন অনুযায়ী আদালতে সোপর্দ করা হচ্ছে।

পুলিশ জানায়, গত ২২ আগস্ট সকাল পৌনে ৯টার দিকে নাফিসা নাওয়াল একটি পাঠাও মোটরসাইকেলে করে এইচএসসি পরীক্ষাকেন্দ্র হাজী মোহাম্মদ মহসীন কলেজে যাচ্ছিলেন। 

এয়ারপোর্ট-সল্টগোলা ক্রসিং সড়কের পশ্চিম লেনে বন্দরটিলা নেভি হাসপাতাল গেটের দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের বিপরীতে ওয়ালটন শোরুমের সামনে একটি প্যাডেলচালিত ভ্যানকে পাশ কাটানোর সময় মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন তিনি।

এ সময় একই লেনে পেছন থেকে দ্রুতবেগে আসা ম্যাক্স কোম্পানির ক্রেনটি নাফিসা নাওয়ালকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নাফিসার বাবা মামুন বাদী হয়ে ইপিজেড থানায় মামলা করেন।

নাফিসা চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং চলমান ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

এমআইকে/এআরএম