Dhaka Mail Logo

সারাদেশ

দোকানে সশস্ত্র হামলায় আহত ৫, মালামাল লুটের অভিযোগ

জেলা প্রতিনিধি

২৪ আগস্ট ২০২৬, ১২:৩৬ পিএম

হবিগঞ্জে বাহুবলের হাফিজপুর এলাকায় পূর্বশত্রুতার জের ধরে এক দোকানে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় দোকান থেকে নগদ টাকা ও মূল্যবান মালামালসহ প্রায় ৩ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন দোকান মালিক।

রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে দোকান মালিক মো. কামাল মিয়া জানান, পূর্বশত্রুতার জের ধরে রাতের আঁধারে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার দোকানে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দোকানে ভাঙচুর ও লুটপাট চালানোর চেষ্টা করলে বাধা দেন স্বজনরা। এতে হামলাকারীদের সঙ্গে তাদের সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রের আঘাতে মো. আব্দুল কাইয়ুম (৪৫), ইলিয়াছ মিয়া (৩২), মো. মিলাদ মিয়া (২৪), মোছা. বিলকিস আক্তার (২৫) ও মোছা. ইনা আক্তার (৪০) আহত হন। হামলার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

কামাল মিয়ার অভিযোগ, হামলাকারীরা দোকান থেকে নগদ টাকা এবং বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার খবর পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্তভোগীরা জানান, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তারা। এ বিষয়ে থানা পুলিশকে অবগত করা হয়েছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/টিবি