জেলা প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৬, ১২:৩৪ এএম
রোববার (২৩ আগস্ট) ছিল বৌভাতের দিন। কিন্তু শনিবার রাতে গায়ে হলুদের আনন্দ শেষ হতে না হতেই সেই আনন্দ বিষাদে রূপ নেয়। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে প্রাণ হারান বর। নতুন বিয়ের দুই পরিবারে এখন শুধু শোকের মাতম।
নিহত বরের নাম মাহিন। তিনি রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কনে মিফতাহ লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুজনেই প্রাপ্তবয়স্ক নন। তাদের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে। এ কারণে দুই দিন আগেই চুপিসারে তাদের বিয়ে সম্পন্ন হয়। কনে এখনো বরের বাড়িতে যাননি, তবুও সদ্য বিধবা হয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার রাতে কনের বাড়িতে বর্ণাঢ্য আয়োজনে গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। সেখানে বরও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের বকুলতলা এলাকায় বেড়ির মাথা-মোল্লারহাট সড়কে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়। তাঁর দাফনও সম্পন্ন হয়েছে।
কনের মামা জাহেদুন সোহেল জানান, গত রাতে গায়ে হলুদে সবাই আনন্দে মেতে উঠেছিলেন। কিন্তু হলুদ শেষ হতেই সব আনন্দ বিষাদে পরিণত হয়। রোববার বৌভাতের আয়োজন ছিল। কনের বাড়িতে দাওয়াতি রান্নার হাঁড়ি-পাতিল এলোমেলো পড়ে ছিল। বরের বসার স্থান খালি পড়ে থাকে। প্লাস্টিকের চেয়ারগুলোও বিছানো হয়নি।
নিহতের এলাকার বাসিন্দা হুমায়ুন কবির বলেন, গায়ে হলুদ থেকে ফেরার পথে এক কিশোর মারা গেছে। দুই দিন আগেই তার বিয়ে হয়েছিল। আনুষ্ঠানিকতার জন্য কনের বাড়িতে গায়ে হলুদের আয়োজন করা হয়। সেখানে অংশ নিয়ে রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের খবর শুনেছেন। তবে মরদেহ কোথায় নেওয়া হয়েছে এবং বিস্তারিত ঘটনা এখনো জানা যায়নি।
প্রতিনিধি/এসটি