জেলা প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৬, ১০:০৭ পিএম
নওগাঁর বদলগাছীতে পরিবহন শ্রমিক ইউনিয়নের একটি কার্যালয় ব্যবহারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষ থামাতে গিয়ে সাবেক এক কৃষকদল নেতার ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটার।
রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার গোঁবরচাপা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সুজাউল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, গোঁবরচাপা মোড়ে অবস্থিত ট্রাক শ্রমিক ইউনিয়নের একটি ঘর ব্যবহারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। অভিযোগ ওঠে, কৃষক দলের বহিষ্কৃত নেতা সুজাউল ইসলাম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই কার্যালয়টি ব্যবহার করছিলেন। স্থানীয় বাসিন্দারা এতে বাধা দিলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
ঘটনার সময় দুই পক্ষের সহিংসতা থামাতে মধ্যস্থতা করতে যান বিএনপি নেতা আবু রায়হান গিটার। এসময় সুজাউল ইসলাম তাকে লক্ষ্য করে আচমকা ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। গিটারকে বাঁচাতে গিয়ে শাহীন নামে এক স্থানীয় যুবকও আহত হন।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সুজাউলকে ঘিরে ধরে গণধোলাই দিলে তিনিও আহত হন। পরে আহত আবু রায়হান গিটারকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসাদুজ্জামান নাহিদ জানান, আবু রায়হান গিটারের বুকের আঘাত অত্যন্ত গভীর এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। যন্ত্রপাতির সংকট থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিকভাবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত সুজাউল ইসলাম বলেন, তার বাবা গত চার বছর ধরে ওই ঘরটি ব্যবহার করে আসছেন। বিএনপি নেতা গিটারের লোকজন এখন তাদের ঘর ব্যবহারে বাধা দিচ্ছে বলেই এই গোলযোগের সৃষ্টি হয়েছে।
এদিকে চিকিৎসাধীন বিএনপি নেতা আবু রায়হান গিটার জানান, দুই পক্ষের সংঘাত সামাল দিতে গিয়েই তিনি আক্রমণের শিকার হন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিনিধি/এএইচ