Dhaka Mail Logo

সারাদেশ

গাজীপুরে জুয়েলারি ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

২৩ আগস্ট ২০২৬, ০৯:৫৪ পিএম

গাজীপুরের গাছা থানা এলাকায় একটি জুয়েলারি দোকানের ভেতর থেকে মো. আবুল কালাম আজাদ নামের এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবুল কালাম আজাদ স্থানীয় বশির মিল এলাকার আবদুল গনি রোডের সাদিয়া জুয়েলার্সের স্বত্বাধিকারী ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো শনিবার রাতে নিজের দোকানের ভেতরেই ঘুমিয়ে ছিলেন আবুল কালাম আজাদ। সাধারণত সকাল নয়টার মধ্যে দোকান খুলে ব্যবসা শুরু করতেন তিনি। তবে শনিবার সকাল পেরিয়ে দুপুর হলেও দোকানটি বন্ধ দেখতে পান আশপাশের ব্যবসায়ীরা। দীর্ঘ সময় দোকানের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হলে পাশের এক দোকানদার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।

খবর পেয়ে গাছা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের ভেতর থেকে আবুল কালাম আজাদের গলাকাটা মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন বলেন, বদ্ধ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। কারা এবং কী উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। দায়ীদের আইনের আওতায় আনা হবে।

এআর