Dhaka Mail Logo

সারাদেশ

মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি

২৩ আগস্ট ২০২৬, ০৭:৫৬ পিএম

মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো ইব্রাহিম (৫) ও রাইয়ান (৪)।

পুলিশ ও স্বজনেরা জানান, বাড়ির পাশের নতুন খনন করা পুকুরের পাকা ঘাটে খেলছিল দুই শিশু। একপর্যায়ে ইব্রাহিম পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করার সময় রাইয়ানও পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর পুকুর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

caeafb6b-918f-4c72-95a4-fe9582b5f122

নিহতদের চাচা চান মোল্লা বলেন, বাড়ি থেকে প্রায় ২০০ ফুট উত্তরে দুই মাস আগে পুকুরটি খনন করা হয়। পরে সেখানে পাকা ঘাট নির্মাণ করা হয়। রোববার সকালে দুই শিশু ওই ঘাটে খেলছিল। একপর্যায়ে পা পিছলে তারা পানিতে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুই শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিনিধি/এসএস