Dhaka Mail Logo

সারাদেশ

আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই: রাশেদ খান

জেলা প্রতিনিধি

২৩ আগস্ট ২০২৬, ০৭:৫১ পিএম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, সব মতের মানুষের সমন্বয়ে কালীগঞ্জের উন্নয়ন করা হবে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধের অভিযোগ থাকলে তা পুলিশকে জানাতে হবে এবং আইনের মাধ্যমেই অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে।

রোববার (২৩ আগস্ট) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।

রাশেদ খান বলেন, সম্প্রতি গণপিটুনিতে হত্যার মতো ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই কাম্য নয়। কারও বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে তা পুলিশ প্রশাসনকে অবহিত করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।

c2b3f435-3281-4062-a007-5eddf650c882

তিনি বলেন, কেউ ক্ষমতার অপব্যবহার করবেন না। অতীতে রাজনীতিতে যারা ভুল করেছেন, তাদের ভুল সংশোধনের সুযোগ রয়েছে। সামনে স্থানীয় সরকার নির্বাচন। জাতীয় নির্বাচনের ভুল থেকে শিক্ষা নিয়ে সবাইকে একসঙ্গে স্থানীয় নির্বাচনে কাজ করতে হবে।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর উল্লেখ করে রাশেদ খান বলেন, সরকারি প্রতিষ্ঠানে সাধারণ মানুষ সেবা নিতে আসেন। তাদের কোনো ধরনের হয়রানি করা যাবে না। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে বিশৃঙ্খলা বা দ্বন্দ্বে না জড়িয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

মতবিনিময় সভায় কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন, বিএনপি নেতা তবিবুর রহমান মিনি, ইসরাইল হোসেন, হারুন মোল্ল্যা, মশিয়ার রহমান এবং যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস