Dhaka Mail Logo

সারাদেশ

ময়মনসিংহে ডেঙ্গুতে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি

২৩ আগস্ট ২০২৬, ০৭:৪০ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাশিদা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল সাতজনে।

রোববার (২৩ আগস্ট) হাসপাতাল কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া রাশিদা ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নন্দিপুর এলাকার বাসিন্দা। গত শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। একই দিন বিকেল ৫টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন। উন্নত চিকিৎসার জন্য দুজনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১০৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ৭৯ জন পুরুষ, ২১ জন নারী ও পাঁচজন শিশু।

হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ১৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে।

প্রতিনিধি/এসএস