জেলা প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৬, ০৭:২৯ পিএম
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বিভিন্ন চরে হানা দিয়ে একটি ফিশিং ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বনদস্যুদের বিরুদ্ধে।
শনিবার (২২ আগস্ট) রাত আটটার দিকে শ্যালার চর ও নারকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। ‘বড় জাহাঙ্গীর বাহিনী’ নামে একটি বনদস্যু দল এ অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন জেলেদের মহাজন।
অপহৃত জেলেরা হলেন শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৩৮), শিহাব হাওলাদার (৩৫), সাব্বির হাওলাদার (৩০), রিপন হাওলাদার (২৮) এবং উত্তর রাজাপুর গ্রামের জাকির হাওলাদার (৪০)।

অপহৃত জেলেদের মহাজন বাবুল মাঝি জানান, বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি ট্রলার সুন্দরবনের শ্যালার চর ও নারকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নেয়। শনিবার রাত আটটার দিকে অস্ত্রধারী বনদস্যুরা সেখানে হানা দেয়। এ সময় অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে বাবুল মাঝির একটি ট্রলার থেকে তিনজন এবং অপর দুটি ট্রলার থেকে আরও দুজনকে তুলে নিয়ে যায়। একটি ট্রলারও নিয়ে যায় দস্যুরা।

বাবুল মাঝি বলেন, অপহরণের পর থেকে দস্যুরা এখন পর্যন্ত তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। জেলেদের সুন্দরবনের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সেটিও জানা যায়নি। এ ঘটনায় অপহৃত জেলেদের পরিবারের সদস্যদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাগর থেকে উঠে কয়েকটি ট্রলার শ্যালার চরের কালামিয়া ও নারকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নিয়েছিল। সেখানে রাত আটটার দিকে বনদস্যুরা হানা দিয়ে পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, অপহৃত জেলেদের উদ্ধারের জন্য কোস্ট গার্ডকে বিষয়টি জানানো হয়েছে।
প্রতিনিধি/এসএস