Dhaka Mail Logo

সারাদেশ

সীমান্তের ৩০ যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি

জেলা প্রতিনিধি

২৩ আগস্ট ২০২৬, ০৭:২৩ পিএম

সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুবকদের কর্মমুখী দক্ষতা অর্জন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে পঞ্চগড়ে ‘ইলেকট্রিক হাউস ওয়্যারিং’ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)।

রোববার (২৩ আগস্ট) বিকেলে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস।

83f149e8-c3f2-4de4-bc84-b6781e2cf1d6

বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব অর্থায়ন ও তত্ত্বাবধানে আয়োজিত এ প্রশিক্ষণে ৩০ জন যুবক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে তাদের ইলেকট্রিক হাউস ওয়্যারিংয়ের বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান দেওয়া হবে।

প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা করছে বিজিবি। এতে তাদের পরিবারের আর্থিক অবস্থারও উন্নতি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান শুধু প্রশিক্ষণকেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। বাস্তব জীবনে তা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে পরিবারের আর্থিক উন্নয়নেও ভূমিকা রাখতে হবে।

f877dd0a-7967-4838-b69b-d694b1df3f2b

বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, সীমান্ত এলাকার যুবকদের দক্ষ জনশক্তিতে পরিণত করার পাশাপাশি মাদক, সন্ত্রাস, চোরাচালানসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমেও বিজিবি কাজ করছে। এরই ধারাবাহিকতায় বেকার যুবকদের দক্ষতা উন্নয়নে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস