Dhaka Mail Logo

সারাদেশ

ট্রাক সেতুর রেলিংয়ে আটকে চালক বড় ভাই নিহত, আহত ছোট ভাই

জেলা প্রতিনিধি

২৩ আগস্ট ২০২৬, ০৬:৩৭ পিএম

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলে চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে চালক মো. হুমায়ুন (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই মামুন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) ভোর চারটার দিকে উপজেলার আমলিতলা জোরপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন ফুলপুর উপজেলার সরচাপুর গ্রামের মো. সুরুজ আলী শেখের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বিকেলে শেরপুরের শ্রীবরদী উপজেলা সদর থেকে ৪০০ বস্তা চাল নিয়ে নোয়াখালীর উদ্দেশে রওনা হয় ট্রাকটি। ভোর চারটার দিকে নান্দাইলের আমলিতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের একটি সেতুর রেলিং ভেঙে আটকে যায়।

স্থানীয় বাসিন্দা তাবারক আলী বলেন, ভোর চারটার দিকে বাড়ির বাইরে বের হলে বিকট শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে দেখেন, চালবোঝাই ট্রাকটি সেতুর রেলিংয়ে আটকে আছে। ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভেতরে রক্তাক্ত অবস্থায় আটকে ছিলেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে দুই ভাই মিলে ট্রাকটি কিনেছিলেন। ট্রাক ভাড়ার আয় দিয়েই তাদের সংসার চলত। দুর্ঘটনায় হুমায়ুনের মৃত্যু এবং ট্রাকটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবারটি আর্থিক সংকটে পড়েছে।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কুমার রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হুমায়ুনের মৃত্যু হয়।

আইনি প্রক্রিয়া শেষে হুমায়ুনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস