জেলা প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৬, ০৪:০০ পিএম
‘লোডশেডিং নিয়ে আগে কোনো প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেননি’ বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
তিনি বলেন, লোডশেডিং নিয়ে দেশের জনগণ চরম কষ্টে আছে। আমরা তা অনুধাবন করছি। চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব এই সমস্যা থেকে উত্তরণের। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে দুঃখপ্রকাশ করেছেন, এর আগে কোনো প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেননি।
রবিবার সকালে ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন।
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, জ্বালানি তেলের যে সংকট- তা মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে। তারপরও বাংলাদেশ অনেক পরে এসে তেলের দাম সমন্বয় করেছে। অন্যদিকে বিদ্যুতের যে সমস্যা, তা বিগত আওয়ামী লীগের লুটপাট ও ইন্টেরিম সরকারের অব্যবস্থাপনার কারণে।
স্থানীয় নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেবে জানিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দেন। বলেন, স্থানীয় নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেবে, দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় নির্বাচনে অনেকেই বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন, কিন্তু স্থানীয় নির্বাচনে এ সুযোগ দেওয়া হবে না।
জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে রাশেদ খান বলেন, ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে না চাইলে জামায়াতকে সরকারের সহযোগিতা করা উচিত। কল্যাণ রাষ্ট্রব্যবস্থার মধ্যে শরিয়া আইন রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদ, শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামসহ অন্যরা।
প্রতিনিধি/এলএ