Dhaka Mail Logo

সারাদেশ

প্রেম করে পালিয়ে বিয়ে, ৯ মাসের মধ্যে লাশ হলেন কিশোরী লাবনী

জেলা প্রতিনিধি

২৩ আগস্ট ২০২৬, ০৩:৪৭ পিএম

পরিবারের অমতে প্রেমিক রিফাত ঘরামীর হাত ধরে ঘর ছেড়েছিল কিশোরী লাবনী আক্তার (১৬)। ভালোবাসার মানুষকে বিয়ে করে নতুন সংসারে সুখে থাকার স্বপ্ন দেখেছিল সে। তবে সেই সংসার টিকেছে মাত্র নয় মাস। শনিবার (২২ আগস্ট) বিষপানের পর মারা গেছে লাবনী।

লাবনী বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা গ্রামের হাসমত আলী খানের মেয়ে। তার স্বামী রিফাত ঘরামী মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের আমজেদ আলী ঘরামীর ছেলে।

লাবনীর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন সহ্য করতে হচ্ছিল তাকে। এ কারণে বেশ কিছুদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন লাবনী। একপর্যায়ে শনিবার বিষপান করেন তিনি।

লাবনীর মা রাজিয়া সুলতানা বলেন, দুপুর ১২টার দিকে বিষপান করা অবস্থায় লাবনী তাদের বাড়ির সামনে এসে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

লাবনীর স্বজনদের দাবি, নির্যাতন ও মানসিক যন্ত্রণার কারণেই লাবনী এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে রিফাত ঘরামীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এসএস